বিস্তারিত খবর

“সহিংসতা নয়, সম্প্রীতির পথে সিলেট” - প্রথম আলো আয়োজিত নির্বাচনী সংলাপে লুবানা ইয়াছমিন শম্পার বক্তব্য

প্রকাশিত: ২৯-০১-২০২৬

সিলেট বিভাগীয় কার্যালয় দৈনিক প্রথম আলো-এর উদ্যোগে আয়োজিত নির্বাচনী সংলাপ
“সহিংসতা নয়, গড়ি সম্প্রীতির সিলেট” শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (SWCCI)-এর সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, সিলেটের এয়ারপোর্ট রোড সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সংলাপে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা শান্তিপূর্ণ নির্বাচন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে মতবিনিময় করেন।

সভায় বক্তব্য প্রদানকালে লুবানা ইয়াছমিন শম্পা বলেন - নির্বাচন একটি গণতান্ত্রিক বিষয়, এটি যেন কখনোই সহিংসতা, বিভেদ কিংবা ভয়ভীতির মাধ্যমে কলুষিত না হয়। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, একটি সহিংসতামুক্ত সমাজ গঠনে নারী ও তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন ভোট প্রদান, দায়িত্বশীল নাগরিক আচরণ এবং গঠনমূলক অংশগ্রহণই পারে একটি নিরাপদ ও সম্প্রীতিমূলক সমাজ নিশ্চিত করতে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আবেগের পরিবর্তে বিবেক ও যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।

এই ধরনের সংলাপ আয়োজনকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, গণমাধ্যম, নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি শান্তিপূর্ণ নির্বাচন ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করতে।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বিশ্বাস করে - সহিংসতা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, সহনশীলতাই হোক আমাদের পথচলা। এই বিশ্বাসকে ধারণ করেই সংগঠনটি ভবিষ্যতেও নারী নেতৃত্ব, সামাজিক সচেতনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে কাজ করে যাবে।